চা-বাগানগুলোতে আজ শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দিনে মজুরি প্রদান এবং বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশীয় চা-সংসদের মধ্যে দ্রুত দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছেন চা-শ্রমিকেরা। ভ্যালি এবং চা-বাগান পঞ্চায়েত কমিটিগুলো এ দাবিতে আজ সোমবার সারা দেশের চা-বাগানে তিন ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে।
ভ্যালি ও পঞ্চায়েত কমিটি সূত্রে জানা গেছে, চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন এবং চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের মধ্যে সর্বশেষ চুক্তি সম্পাদন হয় ২০০৯ সালে। দুই বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষে চা-শ্রমিকদের দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ জুন থেকে চা-সংসদ শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা নির্ধারণ করা হয়। এখনো সেটি বহাল আছে। এদিকে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি গত বছর দায়িত্ব নেওয়ার পর দৈনিক মজুরি বৃদ্ধি, ছুটির দিনে মজুরি প্রদানসহ ২০ দফা দাবি উত্থাপন করে। দাবি নিয়ে চা-বাগান মালিকদের সংগঠনের সঙ্গে ইউনিয়ন নেতারা একাধিক বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে চা-শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় চা-শিল্পাঞ্চলের সাতটি ভ্যালি (কয়েকটি চা-বাগান নিয়ে একটি ভ্যালি) এবং চা-বাগান পঞ্চায়েত কমিটিগুলো সারা দেশের চা-বাগানে আজ সোমবার তিন ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা কাজ থেকে বিরত থাকবেন।
বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, শ্রমিকদের দাবি হচ্ছে দ্রুত শ্রমিক-মালিক চুক্তি করতে হবে। এসব দাবিতে কাল (সোমবার) কর্মবিরতি পালন করা হবে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ‘প্রায় আট মাস ধরে আলাপ-আলোচনা চলছে। মালিকপক্ষের অসহযোগিতার কারণে চুক্তি হয়নি। এর দায়ভার কিছুটা আমাদেরও।’