চা-বাগানে কর্মবিরতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা-বাগানে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। বহিরাগতরা এক নারী চা-শ্রমিককে লাঞ্ছিত করায় গত শুক্রবার বিকেল থেকে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
চা-শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, মালিকপক্ষ বেশ কিছুদিন ধরে চা-বাগানের বাইরে থেকে ১০-১২ জন শ্রমিক এনে চা-বাগানে রেখেছে। কয়েকজন বহিরাগত শ্রমিক গত মঙ্গলবার রাত আটটার দিকে চা-বাগানের মন্দিরের কাছে একজন নারী চা-শ্রমিককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার রাতে আরেক নারী শ্রমিকের ঘরের দরজায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে গত শুক্রবার সকালে শ্রমিকেরা প্রতিবাদ করেন। বিকেল থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। গতকাল শনিবার বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকনেতাদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকে আজ রোববার থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
চা-বাগান পঞ্চায়েতের সভাপতি মহরম আলী বলেন, ‘বহিরাগতরা বাগানের একটা মেয়েকে ধরে টানাটানি করেছে। এর প্রতিবাদে শ্রমিকেরা কালকে (শুক্রবার) কাজ বন্ধ রেখেছে। আজকে মালিক আসছিল। সবাইকে বলেছে দুদিনের (শুক্র ও শনিবার) হাজিরা (বেতন) দেব। আজ (শনিবার) আর কাজ হবে না। আগামীকাল (রোববার) সবাই কাজে যোগ দেবে।’