
চা-বাগানে নারী শ্রমিকদের জন্য সঠিক কর্মপরিবেশ নেই। একজন গর্ভবতী নারী শ্রমিকের বাড়তি যে পুষ্টির দরকার, তা গ্রহণের আর্থিক সংগতি নেই। তাঁদের যে আয়, তা দিয়ে বাড়তি পুষ্টি গ্রহণ সম্ভব নয়। ফলে মা ও নবজাতক—উভয়েই পুষ্টিহীনতার শিকার হচ্ছে। আছে প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবও।
চা-বাগানে সুস্থ মা ও সুস্থ প্রজন্ম পেতে হলে নারী চা-শ্রমিকদের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। সুস্থ-সুন্দর কর্মপরিবেশ, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। সরকারি-বেসরকারি সংস্থা ও চা-বাগান কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগই কেবল পিছিয়ে থাকা নারী শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে।
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত ‘চা-বাগানে কর্মরত মায়েদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। গতকাল রোববার মৌলভীবাজারের রেস্ট ইন হোটেলের সম্মেলনকক্ষে এ বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সাংসদ ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, ‘চা-শ্রমিকেরা আমাদের ভোট দিচ্ছেন। কিন্তু আমরা তাঁদের পেছনে ফেলে রাখছি। অতিরিক্ত কাজ করলে কেন তাঁদের অতিরিক্ত মজুরি দেওয়া হবে না? নারী শ্রমিকদের সুরক্ষায় প্রজননস্বাস্থ্য বিষয়ে আইন দরকার। সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। চা-বাগানে এগুলোর প্রভাব বেশি। সেখানে স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতা বাড়াতে হবে। মা সুস্থ না হলে সমৃদ্ধ জাতি পাব না।’
বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) সহযোগী পরিচালকঅনিমেষ বিশ্বাস।
ধারণাপত্রে চা-বাগানে নারী শ্রমিকদের অবস্থা তুলে ধরে বলা হয়, ভৌগোলিক অবস্থান এবং দুর্গম এলাকা থাকার কারণে সিলেটে অন্যান্য বিভাগের তুলনায় মাতৃমৃত্যুর হার বেশি। স্বাস্থ্য বিভাগের ২০১৪ সালের তথ্য অনুযায়ী মৌলভীবাজারেই ১২০টি মাতৃমৃত্যুর ঘটনা ঘটেছে; ৪৭টিই চা-বাগানসংলগ্ন এলাকায়। চা-বাগানের হাসপাতালে মাতৃস্বাস্থ্যসেবার ব্যবস্থাথাকলেও দক্ষ স্বাস্থ্য সেবাদানকারীর ঘাটতি আছে। রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধপত্র ও উপকরণের ঘাটতিও। বেশির ভাগ মা গর্ভকালীন স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন নন। তাঁদের ৭৭ শতাংশেরই সন্তান প্রসব বাড়িতে অদক্ষ ধাত্রী বা প্রতিবেশী দ্বারা হয়ে থাকে। অসচেতনতার পাশাপাশি সামাজিক প্রতিবন্ধকতা, ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মাতৃস্বাস্থ্য গ্রহণে বড় বাধা। দেখা গেছে, গর্ভকালীন সেবা সম্পর্কে চা-বাগানের প্রায় ৫৩ দশমিক ৮ শতাংশ মায়ের স্পষ্ট ধারণা নেই। শেষ গর্ভাবস্থায় ৪২ দশমিক ৩ শতাংশ মা কোনো গর্ভকালীন সেবা গ্রহণ করেননি। ২৪ দশমিক ৫ শতাংশ মা একটিমাত্র গর্ভকালীন সেবা গ্রহণ করেছেন। চার বা ততোধিক সেবা গ্রহণ করেছেন মাত্র ৪ দশমিক ৭ শতাংশ।
সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নে জোর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খান। তাঁর মতে, অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে চা-বাগানের মায়েরা অনেক সময় দূরবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। চা-বাগানে প্রচলিত কুসংস্কার দূর করতে সচেতনতামূলক উঠান বৈঠকের কথা বলেন তিনি।
সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন, চা-বাগানে বাল্যবিবাহ, জন্মনিবন্ধন, প্রসবকালীন পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। এটা দূর করতে চা-বাগানের পঞ্চায়েত, শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় ঘটাতে হবে।
ইউএনএফপিএ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় প্রধান সত্য দরাজস্বামী বলেন, দেশকে উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে স্বাস্থ্যসেবাতেও এগোতে হবে। চা-বাগানে মায়েদের প্রজননস্বাস্থ্যের পাশাপাশি শিশুস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী কানুনগো সব কটি চা-বাগানে জরিপ করে স্বাস্থ্যসেবা প্রদান ও সময়মতো রোগ নির্ণয় করে মায়েদের সরকারি হাসপাতালে পাঠানোর ওপর গুরুত্ব দেন। চা-শ্রমিক গীতা তাঁতী মনে করেন, সঠিক সময়ে স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণেই তাঁর দুটো সন্তান মারা গেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, নারী চা-শ্রমিকদের অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে সন্তান প্রসব করাতে হবে। দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করতে হবে। যোগাযোগব্যবস্থা খারাপ, এমন এলাকায় মিডওয়াইফ নিয়োগ দিতে হবে।
বেসরকারি সংস্থা শেডের নির্বাহী পরিচালক ফিলিপ গাইন মনে করেন, চা-বাগানে নারী শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত ও নিরাপদ নয়। তাঁরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নানা ঝুঁকির মধ্যে কাজ করেন। চা-শ্রমিকদের জন্য বিধিমালায় যা উল্লেখ আছে, তা পালন হয় না। তাঁদের আবাসন স্বাস্থ্যসম্মত নয়। চা-বাগানে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, গর্ভকালে নারী শ্রমিকদের যাতে ভারী কাজ করতে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী উপপরিচালক এম এ মান্নান, ইউএনএফপিএর বিশেষ উপদেষ্টা এস এ জে মো. মুসা, ইউনিসেফের সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম, সিআইপিআরবির পরিচালক এম এ হালিম, মিডওয়াইফ হাসনা আক্তার, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ইউএনএফপিএর প্রজেক্ট টেকনিক্যাল কর্মকর্তা শামসুজ্জামান, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি ও শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু বিকাশ দেব ও রাজঘাট ইউপির চেয়ারম্যান বিজয় ব্যানার্জি।