চা-বাগানে ভোটের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের রাস্তাগুলোর দুই পাশে গাছের সারি। এসব গাছে লাগানো হয়েছে দড়ি। সেই দড়িতে ঝুলছে পোস্টার। কোথাও নৌকার, কোথাও ধানের শীষের। রাস্তাঘাট এখন ছেয়ে গেছে পোস্টারে। বাগানের অলিতে-গলিতে ভেসে আসে মাইকের শব্দ। সব মিলিয়ে ভোট উৎসবের রং লাগতে শুরু করেছে মৌলভীবাজার-৪ আসনভুক্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে। নির্বাচনের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখা এই চা-শ্রমিকদের ভোট টানতে প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮৩০। এই ভোটারদের মধ্যে লক্ষাধিক চা-শ্রমিক ভোটার রয়েছেন। এই আসনে প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করে দিতে পারে তাঁদের ভোট।

কথা হয় শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা–বাগানের নারী চা–শ্রমিক উষা বাউড়ির সঙ্গে। তিনি বলেন, ‘ভোটের আগে কত নেতা বাগানে আসে আর যায়। হামদের (আমাদের) চাচি ডাকে, মাসি ডাকে। ভোট দেওয়ার কথা বলে। হেরা ভোটের সময় হামাদের বিভিন্ন কথা দেয়, স্বপন (স্বপ্ন) দেখায়। ভোট শেষ হলে হামদের খবর আর কেউ লয় না। সবার জীবনে ভালা দিন আইলেও আমরার সুদিন আসে না।’

ভূরভুরিয়া চা–বাগানের শ্রমিক রাজেস ভৌমিক বলেন, চা–শ্রমিকেরা আগের মতো পিছিয়ে নেই। বাগানের তরুণ ভোটাররা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। তরুণেরা মার্কা দেখে নয়, প্রার্থীর গুরুত্ব দেখবেন।

রাজঘাট চা–বাগানের প্রকাশ তাঁতি নামের এক বৃদ্ধ চা–শ্রমিক বলেন, ‘আমি স্বাধীনতার পর থেকেই ভোট দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। যে প্রার্থী আমাদের ভূমির অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবেন, তাঁকেই এবার আমরা ভোট দেব।’

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আব্দুস শহীদ। তিনি নৌকা প্রতীক নিয়ে এখানে ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার নির্বাচিত সাংসদ। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হয়েছেন মুজিবুর রহমান চৌধুরী। এ ছাড়া উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সালাউদ্দিন নির্বাচনের মাঠে আছেন।

আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শহীদ প্রথম আলোকে বলেন, এই সরকারের আমলে চা–বাগানগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছে। সব চা–বাগানে সরকারি স্কুল তৈরি করে দেওয়া হবে। চা–শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে যা যা করণীয়, তা তিনি করবেন। চা–শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিনি কাজ করে যাবেন।

বিএনপির প্রার্থী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি যদি বিজয়ী হতে পারি, তাহলে চা–শ্রমিকদের আবাসন, মজুরি, শিক্ষা, চিকিৎসাব্যবস্থার উন্নয়নে কাজ করব। শ্রমিকদের মধ্যে যাঁরা এখনো বেকার রয়েছেন, তাঁদের জন্য শ্রমবাজার তৈরি করব; কলকারখানা তৈরি করে শ্রমিকদের বেকারত্ব দূর করব। চা–বাগানের শ্রমিকদের আবাসন সমস্যা নিয়ে আমি কাজ করব।’