চা-বাগানের কর্মকর্তাকে লাঞ্ছিত করায় বিডিআর ক্যাম্প অবরোধ
মৌলভীবাজারের কমলগঞ্জের ডবলছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে লাঞ্ছিত করে আটকে রাখার অভিযোগে তিন শতাধিক চা-শ্রমিক বিডিআর ক্যাম্প আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে। গত শনিবার এ ঘটনা ঘটে। ডবলছড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি আদি কুর্মী জানান, শনিবার বেলা একটার দিকে চা-বাগানের পাহাড়ি ভূমি থেকে চা-শ্রমিকেরা বাঁশ কাটছিল। সীমান্ত এলাকার পাহাড়ি ভূমি থেকে বাঁশ কাটায় ডবলছড়া বিডিআর ক্যাম্পের হাবিলদার আবদুস শহীদসহ কয়েকজন সদস্য শ্রমিকদের কাছ থেকে কিছু বাঁশ জব্দ করেন। এ কাজে আপত্তি জানালে বিডিআর সদস্যরা সহকারী ব্যবস্থাপক মামুন আবদুল্লাহ ও বাগান কর্মচারী দিলীপ নাইডুকে লাঞ্ছিত করেন এবং তাঁদের ক্যাম্পে নিয়ে আটকে রাখেন। এ ঘটনার প্রতিবাদে চা-শ্রমিকেরা বিডিআর ক্যাম্প আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।শ্রীমঙ্গল ১৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার মেজর ফিদা নূর জানান, ২৪ ঘণ্টার মধ্যে ডবলছড়ায় উভয় পক্ষকে নিয়ে একটি সামাজিক বৈঠক করে বিষয়টির সমাধান করার আশ্বাস দেওয়ায় সোয়া তিনটায় চা-শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেয়।