চা-বাগানের কৃষিজমিতে অর্থনৈতিক অঞ্চল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে চা-বাগানের কৃষিজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগের বিরোধিতা করেছে চান্দপুর-বেগমখান ভূমি রক্ষা কমিটি। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে কমিটি।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। চান্দপুর-বেগমখান ভূমি রক্ষা কমিটি আয়োজিত এই সভায় আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, যাঁরা বলেন অকৃষিজমিতে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, তাঁরা মিথ্যা বলছেন। এই মিথ্যাচারের জন্য তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, উন্নয়নের নামে যে মিথ্যাচার হয়, সেই উন্নয়ন যে কেমন উন্নয়ন, তা স্পষ্টভাবেই বোঝা যায়।
চান্দপুর-বেগমখান ভূমি রক্ষা কমিটির সভাপতি অভিরত বাগতি বক্তৃতায় বলেন, ‘যে জমিতে আমাদের বাপ-দাদার কবরস্থান আছে, সেখানে স্পেশাল ইকোনমিক জোন সত্যিই হৃদয়বিদারক। সবাই এর বিরুদ্ধে সোচ্চার হোন।’
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, রাষ্ট্র তার শোষণপ্রক্রিয়া ও দানবীয় চরিত্রের মাধ্যমে অসহায়দের জমি হরণ করে। চান্দপুর-বেগমখান চা-বাগানের কৃষিভূমি দখল এরই একটি ধারাবাহিকতা।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, চা-শ্রমিকেরা স্বদেশে পরবাসী, তাঁদের সাংবিধানিক স্বীকৃতি নেই এবং ভূমি অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের সংগ্রাম ন্যায্য সংগ্রাম।