চা-বাগানের জমিতে অর্থনৈতিক অঞ্চল করার প্রতিবাদে সমাবেশ
হবিগঞ্জের চান্দপুর চা-বাগানের কৃষিজমি ধ্বংস এবং চা-শ্রমিকদের উচ্ছেদ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগের প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ হয়েছে। গতকাল রোববার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ করা হয়।
চান্দপুর চা-বাগানের শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের নিজেদের হাতে গড়া প্রায় ১৫০ বছরের পুরোনো চা-বাগানের ফসলি জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়া হলে চা-শ্রমিকেরা বেঁচে থাকার অবলম্বন হারাবেন। তাঁরা যে বেতন পান, তা দিয়ে তাঁদের সংসার চলে না। এই জমিতে দুই বা তিন ফসল উৎপাদনের মাধ্যমে তাঁরা টিকে থাকার সংগ্রাম করছেন। এ অবস্থায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সরকারের পতিত জমিতে করা হলে চা-শ্রমিকেরা এই ক্ষতি থেকে রক্ষা পাবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা কমিটির সভাপতি মইনুর রহমান এবং সঞ্চালনা করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ। বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মশাররফ আলী প্রমুখ।