চা-বাগানের জ্যেষ্ঠ কর্মকর্তা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পারকুল চা-বাগানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে তাঁর অপসারণ চেয়েছেন সেখানকার চা-শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার কাজে যোগ না দিয়ে তাঁরা ওই কর্মকর্তাকে সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে ফিরে যান।উপজেলা প্রশাসন ও চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগানের এক নারীশ্রমিক সম্প্রতি অভিযোগ করেন, ১৪ জুলাই বাগানের বাংলোতে কাজ করার সময় ওই কর্মকর্তা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে এসে গ্রামের পঞ্চায়েতের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। পঞ্চায়েত থেকে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চাইলে তিনি তা এড়িয়ে যান। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল।গতকাল সকাল সাতটায় বাগানে এসে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ওই কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।বাগান পঞ্চায়েত সভাপতি শংকর ব্যানার্জি এ সময় শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘এ দুর্নীতিবাজ ও চরিত্রহীন কর্মকর্তার বাগানে থাকার কোনো যোগ্যতা নেই।’ তার অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি করবেন বলে তিনি ঘোষণা দেন। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসার, এনটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ এফ এম শাহজাহানও ঘটনাস্থলে বেলা একটায় গিয়ে পৌঁছান । তাঁরা দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা কিছুটা শান্ত হন। পরে উপজেলা প্রশাসন, বাগান কর্তৃপক্ষ ও চা-শ্রমিকনেতারা বৈঠকে বসেন। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএম এ এফ এম শাহজাহান অভিযুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, বাগানের গাছ, মাছ ও চা চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পদক্ষেপ নেওয়ায় একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন।