চা-বাগানের দলিত নারী ও কিশোরীর নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগানের দলিত নারী ও কিশোরীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে চা–বাগানের এক স্কুলশিক্ষিকাবে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
মৌলভীবাজার প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এবং নাগরিক উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিইআরএমের কেন্দ্রীয় সভাপতি সুনীল কুমার মৃধা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক শাকির হোসেন।
লিখিত বক্তব্যে গত দুই বছরে এক স্কুলশিক্ষিকাসহ মৌলভীবাজারের চা-বাগানে নারী ও কিশোরী ধর্ষণের কয়েকটি ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে চা-বাগানের শ্রমিকেরা আর্থসামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পানি ও পয়োনিষ্কাশন ইত্যাদি সব ক্ষেত্রে বৈষম্যের শিকার। এর সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তাহীনতা। চা-বাগানের দলিত নারী ও শিশুরা যৌন নির্যাতনের শিকার হলেও বেশির ভাগ ক্ষেত্রে কোনো প্রতিকার পায় না। এ কারণে তারা যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হলেও খুব কমই অভিযোগ করে। তবে গণধর্ষণের মতো ঘটনা ঘটলে বা ধর্ষণজনিত কারণে স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে মামলা হয় বা সে ঘটনাটি গণমাধ্যমে উঠে আসে। এই অবস্থায় দলিত নারী ও শিশুর নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক সমাজ এগিয়ে না এলে এই অপরাধ প্রবণতা বাড়তে থাকবে।
সংবাদ সম্মেলনের আগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিডিইআরএমের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন বিডিইআরএমের কেন্দ্রীয় সভাপতি সুনীল কুমার মৃধা। বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য মেরি রাল্ফ, ইসলামপুর ইউপির নারী সদস্য দেবী বিশ্বাস, আলীনগর ইউপির নারী সদস্য গৌরী রানী কৈরী, বাংলাদেশ চা-শ্রমিক নারী ফোরামের সভানেত্রী গীতা রানী, বিডিইআরএম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল বাড়াইক, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌহান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি কামরুল হাসান প্রমুখ।