চা-বাগানের পাহাড়ি টিলায় আগুন, ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের দুর্গম পাহাড়ি টিলায় গতকাল শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গেলেও পানির কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা ফিরে গেছেন। এতে পুরো টিলায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, আলীনগর চা-বাগানের ১৭ নম্বর প্ল্যান্টেশন এলাকায় পাহাড়ি টিলায় কমপক্ষে ২০টি স্থানে আগুন জ্বলছে। তবে ঘটনাস্থলে আলীনগর চা-বাগানের কোনো কর্মকর্তা-কর্মচারী ও চা-শ্রমিকদের পাওয়া যায়নি।এ ব্যাপারে আলীনগর চা-বাগানের কোনো ব্যবস্থাপক সংবাদকর্মীদের সঙ্গে কথা না বললেও নাম প্রকাশে অনিচ্ছুক এক চা-বাগানের কর্মচারী বলেন, প্রধান ব্যবস্থাপকসহ দুজন ব্যবস্থাপক ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের বিষয়টি তদারক করার জন্য চা-বাগানের পাহারাদারদের নির্দেশ দিয়েছেন। তবে আগুনের খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম মিয়া ও শমশেরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ।ইউএনও জাহিদুল ইসলাম মিয়া বলেন, বিক্ষিপ্তভাবে পুরো পাহাড়ি টিলায় অসংখ্য স্থানে আগুন জ্বলছে। এ আগুন নেভানো উচিত। অন্যথায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি আলীনগর চা-বাগান কর্তৃপক্ষকে আগুন নেভাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন বলে জানান।কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দীন বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম এলাকা। পানির অভাবের কারণে তাঁরা ঘটনাস্থল থেকে ফিরে এসেছেন। আলীনগর চা-বাগান কর্তৃপক্ষকে চা-শ্রমিকদের মাধ্যমে এ আগুন নেভাতে হবে, তা না হলে আস্তে আস্তে এ আগুন প্ল্যান্টেশন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।