চা-বাগানের ভূমি ব্যবস্থাপনায় অসন্তুষ্ট সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের ভূমি ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।কমিটি এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চা-বাগানের ভূমি ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করতে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় কাজ শুরু করবে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, এ কে এম হাফিজুর রহমান, শাহাব উদ্দিন, মতিউর রহমান ও রণজিত কুমার রায় উপস্থিত ছিলেন।আ ক ম মোজাম্মেল হক পরে সাংবাদিকদের বলেন, চা-বাগানের ভূমি ব্যবস্থাপনা এক জটিল অবস্থায় চলছে। কোনটা যে কার জমি, তা অনেক ক্ষেত্রেই পরিষ্কার নয়। সে কারণে চা-বাগান এলাকার ভূমি ব্যবস্থাপনার জন্য একটি সরকারি কমিটি করা হয়েছে। প্রয়োজনে সংসদীয় কমিটিও চা-বাগান এলাকা সরেজমিন তদন্ত করবে।সভায় চা-বাগানের ভূমি ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে ভিডিওচিত্র ধারণ করে কমিটিতে উপস্থাপন করতে বলা হয়। এ জন্য মন্ত্রণালয়ের দুজন ও চা বোর্ডের একজন প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠন করা হয়। সভায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।সভায় দেশের সব উপজেলায় স্থায়ী সেটেলমেন্ট অফিস স্থাপনের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। দ্রুততম সময়ে মন্ত্রণালয়কে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে বলা হয়।জলমহাল ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা হয়। জলমহালের লিজগ্রহীতারা লিজের শর্তানুযায়ী ব্যবস্থাপনা করছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় কমিটি। এ ছাড়া ডেমরা থানার জমির নামজারি-সম্পর্কিত অনিয়ম তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।