চা-বিক্রেতাকে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে গত বুধবার রাত ১০টার দিকে সাথী আক্তারের স্বামী রিপনকে তুলে নিয়ে যায় পুলিশ৷ এর কয়েক ঘণ্টা পর স্বামীর মৃত্যুর খবর পান তিনি৷ গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে লাশ বুঝে নেওয়ার অপেক্ষায় তিনি l হাসান রাজা
সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে গত বুধবার রাত ১০টার দিকে সাথী আক্তারের স্বামী রিপনকে তুলে নিয়ে যায় পুলিশ৷ এর কয়েক ঘণ্টা পর স্বামীর মৃত্যুর খবর পান তিনি৷ গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে লাশ বুঝে নেওয়ার অপেক্ষায় তিনি l হাসান রাজা

ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় গত বুধবার রাতে পুলিশ হেফাজতে রিপন (৩০) নামের এক যুবক মারা গেছেন। মাত্র এক হাজার টাকার জন্য পুলিশ তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে থানার ভেতরে বিক্ষোভ করেছেন রিপনের স্বজনেরা।
রিপন বরিশালের বাকেরগঞ্জের মহেশপুর গ্রামের রফিক পীরের ছেলে। তিনি পেশায় চা–বিক্রেতা ছিলেন। স্ত্রী সাথী আক্তারকে নিয়ে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আশুলিয়ার জামগড়া এলাকায় তাঁর দোকান ছিল।
ঘটনা তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখাির্জকে প্রধান করে গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তঁাদের তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।
রিপনের মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠায় সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লার নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মাসুদ গতকাল সকালে আশুলিয়া থানায় গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈির করেন। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ রিপনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷
নিহত রিপনের স্ত্রী সাথী বেগম অভিযোগ করেন, তিনি গত বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তাঁর এক আত্মীয়ের বাসায় যান। সেখান থেকে ফেরার পথে তিনি মুঠোফোনে তাঁর স্বামী রিপনকে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃিতসৌধের সামনে অপেক্ষা করতে বলেন। স্মৃিতসৌধ থেকে তাঁদের বাসা এক কিলোমিটার দূরে।
সাথী বেগম বলেন, রাত ১০ টার দিকে স্মৃতিসৌধ এলাকায় বাস থেকে নামার পর রিপনের সঙ্গে তিনি রাস্তা পার হন। এর পরপরই আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন সেখানে গিয়ে তাঁর স্বামীর কলার ধরে একটু দূরে নিয়ে যান। ওই কর্মকর্তা তাঁকে এবং তাঁর স্বামীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের পর তাঁর স্বামীকে মারধর করতে করতে রাস্তার অপর প্রান্তে রাখা পুলিশের গাড়িতে তোলেন। এ সময় তিনি চিৎকার করলে এক পুলিশ সদস্য তাঁর গালে থাপড় দেন। পরে ভয়ে আর তিনি কিছু বলেননি। গাড়িতে তোলার পর পুলিশ তাঁর স্বামীকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পর রাত দেড়টার দিকে তাঁর দেবর কামরুল ওরফে জুয়েলের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর পেয়ে আশুলিয়া থানায় গিয়ে তিনি লাশ দেখতে পান।
নিহত রিপনের ফুফাতো ভাই কামরুল বলেন, পুলিশ ধরে নেওয়ার প্রায় আধা ঘণ্টা পর রিপন তাঁর মুঠোফোন থেকে বন্ধু রাজাকে এক হাজার টাকা নিয়ে গিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে বলেন। কিন্তু এরপর থেকে রিপনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর দুই ঘণ্টা পর কবীর নামে রিপনের এক বন্ধু তাঁর আরেক বন্ধু চাঁদকে মুঠোফোনে রিপনের মৃত্যু সংবাদ জানিয়ে তাঁর লাশ সাভার গণস্বাস্থ্য হাসপাতালে আছে বলে জানান। কবীরকে মুঠোফোনে রিপনের মৃত্যু সংবাদ জানান এএসআই আনোয়ার।
কামরুল জানান, চাঁদের মাধ্যমে রিপনের মৃত্যু সংবাদ পাওয়ার পর রাত সাড়ে ১২ টার দিকে তাঁরা গণস্বাস্থ্য হাসপাতালে যান। এর দেড় ঘণ্টা পর তাঁরা রিপনের স্ত্রী সাথীকে খবর দেন। ততক্ষণে পুলিশ রিপনের লাশ আশুলিয়া থানায় নিয়ে যায়। খবর পেয়ে সাথী থানায় যান। এ সময় থানায় উপস্থিত রিপনের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ জসিম নামে এক ব্যক্তিকে আটক করে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জসিম উদ্দিন বলেন, তাঁর এক অসুস্থ আত্মীয়কে নিয়ে বুধবার রাতে গণস্বাস্থ্য হাসপাতালে যান। এ সময় পুলিশের নির্দেশে তিনি রিপনের লাশ বেঁধে গাড়িতে তুলে দেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে তাঁকে ২০০ টাকাও দেওয়া হয়। লাশ গাড়িতে তুলে দেওয়ার পর ওই গাড়িতেই তিনি বাসায় ফিরছিলেন। কিন্তু পুলিশ তাঁকে কবরস্থান রোডে নামিয়ে না দিয়ে থানায় নিয়ে যায়। থানায় যাওয়ার পর রিপনের স্বজনদের সঙ্গে তিনিও বিক্ষোভে অংশ নেন। এরপর পুলিশ তাঁকেও আটক করে।
আশুলিয়া থানার এএসআই আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে নবীনগর এলাকায় দায়িত্ব পালন করার সময় জানতে পারেন এক ব্যক্তি সড়ক দুর্ঘটানায় আহত হয়ে স্মৃিতসৌধের সামনে ঢাকা-আিরচা মহাসড়কের ওপর পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর (রিপন) মানিব্যাগে থাকা মুঠোফোন নম্বরে ফোন করলে কবীর নামে এক ব্যক্তি ফোন ধরেন। কবীরকে বিষয়টি জানান এবং তাঁর কাছ থেকেই জানতে পারেন মৃত ব্যক্তির নাম রিপন।
নিহত রিপনের স্ত্রীর অভিযোগ, রিপনকে ধরে নেওয়ার পর টাকার জন্য পুলিশ তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আর হত্যার ঘটনাকে ধামাচাপ দেওয়ার জন্য দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এএসআই আনোয়ার বলেন, ‘আমি রিপন ও তাঁর স্ত্রী সাথীকে আগে কখনো দেখিনি। তাঁদের সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই। এর পরও সাথী আমার বিরুদ্ধে তাঁর স্বামীকে হত্যার অভিযোগ কেন করছেন তা আমার বোধগম্য নয়।’
আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈিরর সময় মৃতের পরনের প্যান্টের চার স্থানে ছেড়া পাওয়া যায়। এর মধ্যে ডান পায়ের হাঁটু বরাবর এক স্থানে এবং বাঁ পায়ের হাঁটু বরাবর দুই স্থানে ছেড়া ছিল। এ ছাড়া পায়ের পেছনের দিকে এক স্থানে প্যান্ট ছেড়া পাওয়া যায়। প্যান্টের ছেড়া

স্থানগুলোতে পায়ে সামান্য আঁচড়ের মতো ছিল। ডান পায়ের গোড়ালির ভেতরের দিকে চামড়া সামান্য ছিলে গেছে৷ মুখের পাশে এবং অণ্ডকোষের পাশে সামান্য রক্ত দেখা গেছে।
দুর্ঘটনায় রিপনের মৃত্যু হয়েছে কি না জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, পাঁচ স্থানে সামান্য আঁচড় ছাড়া তাঁর শরীরের অন্যান্য স্থানে আর কোনো ক্ষত ছিল না। তাই ময়নাতদন্ত ছাড়া তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা মুশকিল।
জানতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, ‘হাসপাতালে আনার আগেই রিপন মারা যান। তাই তাঁর মৃত্যুর কারণ আমরা নিশ্চিত হতে পারিনি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, রিপন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ সত্য নয়।
তদন্ত কমিটির প্রধান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখাির্জ বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রিপন দুর্ঘটনায় মারা গেছেন। তাঁকে হত্যা করা হয়েছে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
নিহতের স্ত্রীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া না গেলে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত মৃত্যু বিষয়ে থানায় মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।