চা-বিস্কুট না বেচলে সংসার চলব কেমনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীবাহী পরিবহন না পেয়ে মাইক্রোবাসে মানুষের যাতায়াতের চেষ্টা করছে। চন্দ্রা ত্রিমোড় এলাকা, কালিয়াকৈর, গাজীপুর, ২৫ জুন সকাল
ছবি: মাসুদ রানা

‘লকডাউন ঘোষণার পর প্রশাসনের লোক আইস্যা দোকান বন্ধ করবার কইয়া গ্যাছে। কিন্তু দোকানে চা-বিস্কুট না বেচলে সংসার চলবে কেমনে? পুলিশ বা প্রশাসনের কাউরে আসতে দেখলে বন্ধ কইরা রাখি। হেরা চইল্যা গেলে আবার খুলি। এই দোকান দিয়াই স্ত্রী-সন্তানসহ চারজনের সংসার চলে।’

শুক্রবার সকালে এসব কথা বলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকার চা বিক্রেতা মোশাররফ হোসেন। আশপাশের প্রায় সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তিনি দোকান খুলে বেচাবিক্রি চালিয়ে যাচ্ছিলেন।

সারা দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী ঢাকাকে অন্য জেলা থেকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু এসব জেলায় বেসরকারি অফিস ও কলকারখানা চালু থাকায় কর্মজীবী মানুষকে বাইরে বের হতে হচ্ছে। মহাসড়কে চলতে গিয়ে তাঁরা পড়ছেন বিপাকে।  

কারখানা কর্তৃপক্ষ বলছে, কর্মজীবীদের ভোগান্তি থাকলেও সরকারি সিদ্ধান্তের বাইরে যাওয়ার তাদের কোনো উপায় নেই। পুলিশ প্রশাসন বলছে, করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনার আলোকে কড়াকড়ি লকডাউন বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাইওয়ে পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে। সেখানে যানবাহন আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে ছাড়া হচ্ছে। আবার অনেক যানবাহন ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় শুক্রবার সকালে শত শত মানুষকে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যানবাহন না পেয়ে কেউ পায়ে হেঁটে, কেউ পিকআপে উঠে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

আসমা আক্তার তাঁর ১০ বছরের এক মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন চন্দ্রা এলাকায়। তিনি জানান, তাঁর বাড়ি টাঙ্গাইলে। কয়েক দিন আগে তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আটকা পড়ে যান। এখন বাড়ি যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। তাঁর মতো আরও অনেকেই চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে (ভাড়ায় চালিত) ওঠার চেষ্টা করছেন। আবার অনেকে মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার প্রবেশমুখগুলোয় মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। ঢাকা ছেড়ে যাওয়ার জন্য আজও অনেক মানুষ আবদুল্লাহপুরসহ নগরীর প্রবেশমুখে জমা হয়েছেন। একইভাবে বাইরে থেকে ঢাকায় প্রবেশের জন্যও অনেককে অপেক্ষা করতে দেখা গেছে। উভয় পথেই বড় গাড়ি না থাকায় অনেকেই ছোট ছোট গাড়ি, ছোট-বড় ট্রাক, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহনে উঠে বসেছেন। এসব বাহনে কাউকে স্বাস্থ্যবিধি মেনে বসতে দেখা যায়নি। কারও কারও মুখে মাস্কও ছিল না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, লকডাউন ঘোষণার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্ট দিয়ে যেসব যানবাহনের অনুমোদন রয়েছে তারা চলাচল করছে। তবে যাদের অনুমোদন নেই তাদের ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানুষ নানা অজুহাতে যাতায়াত করার চেষ্টা করছেন।

গাজীপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক কাদের মোল্লা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ও আবদুল্লাহপুর এলাকায় দুটি এবং ভেতরের শাখা রোডগুলোতে তিনটি পৃথক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে। পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।