চা-শিল্পের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয়নি
চা-শিল্পের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এক বছরেও। ফলে অর্থকরী এই শিল্প বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। রুগ্ণ, অনুন্নত ও উন্নয়নশীল চা-বাগানগুলোর উন্নয়ন ও চা চাষ সম্প্রসারণ না হওয়ায় এ শিল্পের সার্বিক অবনতি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থকরী এ শিল্প মুখ থুবড়ে পড়ার উল্লেখযোগ্য কারণগুলো হলো: উৎপাদন কমে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বৃদ্ধি, বরাদ্দ পাওয়া জমির অর্ধেকে চায়ের আবাদ, জমি পরিত্যক্ত থাকা, রাবারসহ অর্থকরী বিভিন্ন ফসলের অপরিকল্পিত চাষাবাদ, ছায়াবৃক্ষ ও চা-পাতা পাচার এবং শিল্পের মূল চালিকাশক্তি চা-শ্রমিকদের বঞ্চিত রাখা প্রভৃতি।বাংলাদেশ চা বোর্ডের এক পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ১০ বছরে মাথাপিছু চায়ের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০১০ সালে দেশে পাঁচ কোটি ৯১ লাখ ৭০ হাজার কেজি চা উৎপাদিত হয়, যার পরিমাণ ২০০৯ সালের চেয়ে আট লাখ ২০ হাজার কেজি কম।পরিবেশবাদীদের অভিযোগ, চা চাষের জন্য বরাদ্দ করা জমিতে রাবার চাষ ও কৃত্রিম বনায়ন হচ্ছে। স্থানীয় পরিবেশের জন্য এগুলো ক্ষতিকর। চা চাষের জন্য বন্দোবস্ত নেওয়া বাগানগুলোর বিভিন্ন টিলায় সম্প্রতি গড়ে উঠেছে রাবার বাগান। পরিবেশ দূষণ না ঘটিয়ে কী ধরনের জমিতে রাবার গাছ লাগানো উচিত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে না।বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) সূত্র জানায়, চা-শিল্পের উন্নয়নে বিটিবির প্রজেক্ট ডেভেলপমেন্ট ইউনিট (পিডিইউ) গত বছর একটি পরিকল্পনার খসড়া প্রণয়ন করে। ১২ বছর মেয়াদি ওই পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৪৪১ কোটি টাকা। তিনটি পর্যায়ে ওই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রুগ্ণ, অনুন্নত ও উন্নয়নশীল বাগানগুলোর উন্নয়ন, ক্ষুদ্রায়তন চা চাষ সম্প্রসারণ, চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোর আধুনিকায়ন, চা-বাগানগুলোয় বনায়ন ও অর্থকরী অন্যান্য ফসল উৎপাদন, শ্রমিক কল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সেচব্যবস্থার উন্নয়ন ইত্যাদি ১২টি খাত চিহ্নিত করা হয়।বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সূত্র জানায়, প্রায় ৫২ হাজার ৪০০ হেক্টর সরকারি জমিতে চা চাষ হয়। তবে ২০০৬ সালের হিসাব অনুযায়ী, চা চাষের জন্য বরাদ্দ মোট সরকারি জমির পরিমাণ এক লাখ ১৫ হাজার ৬০০ হেক্টর। চা চাষের জন্য বরাদ্দ পাওয়া সত্ত্বেও অনাবাদি সরকারি জমির পরিমাণ ৬৩ হাজার হেক্টর, যা বরাদ্দকৃত জমির ৫৪ শতাংশের চেয়ে বেশি।বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা-শিল্প উন্নয়নের মূল চালিকাশক্তি চা-শ্রমিকদের উন্নয়নে বাস্তবে কোনো কার্যক্রম নেই। কারণ, নির্বাচনের এক বছরের মধ্যেই চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউস রাজনৈতিক প্রভাবের জোরে দখল করে নিয়েছে নির্বাচনে পরাজিত প্যানেল। ফলে নির্বাচিত প্যানেল মালিক পক্ষের সঙ্গে গত দুই বছরে শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট কোনো চুক্তি হয়নি। ডানকান ব্রাদার্স ও ন্যাশনাল টি কোম্পানিসহ ব্যক্তি-মালিকানাধীন কয়েকটি চা-বাগানের ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি চায়ের রপ্তানি বাণিজ্য আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গলের বিটিবির প্রকল্প উন্নয়ন বিভাগের একজন কর্মকর্তা বলেন, চা-শিল্প উন্নয়নে পরিকল্পনা গৃহীত হলেও বর্তমানে এর কোনোটিই কাজ করছে না। বাংলাদেশে রুগ্ণ চা-বাগান মতান্তরে ১২ থেকে ৪৪টি। কাঁচা চা-পাতা ও গাছ চুরি প্রভৃতি বিষয়ে তিনি অবহিত নন।