চা-শিল্পের এক ট্রেড ইউনিয়নে জট খুলল
দেশের চা-শিল্পে কর্মরত কর্মচারীদের ট্রেড ইউনিয়ন টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনে অবশেষে জট খুলেছে। ইউনিয়নের নির্বাচনের প্রায় সাত মাস পর গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কমিটি অচলাবস্থা কাটিয়ে ওঠার ঘোষণা দিয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সভাপতি মো. ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বলেন, গত ২ মে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ১২টি অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৩০ দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার কথা। কিন্তু সভাপতি পদে পরাজিত একজন প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বুধবার চট্টগ্রাম বিভাগের নিবন্ধক (ট্রেড ইউনিয়ন) ও যুগ্ম শ্রম পরিচালক এম. জহুরুল হক উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ওই অভিযোগের নিষ্পত্তি করেছেন।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বলেন, আগামী ১৮ ডিসেম্বর তাঁরা বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছেন। সংগঠন চালাতে তাঁরা সাবেক সভাপতি মাহবুব রেজার পরামর্শ চাইবেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে এম. জহুরুল হক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্তে সাবেক সভাপতি ও সভাপতি পদের পরাজিত প্রার্থী মাহবুব রেজার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নবনির্বাচিত কমিটির দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।‘দুই ট্রেড ইউনিয়নে অচলাবস্থা’ শিরোনামে ১২ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।