চা-শ্রমিক আদিবাসীদের মানববন্ধন সীমান্তখুঁটির নির্দেশক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্তে অপদখলীয় জায়গা রক্ষার দাবিতে স্থানীয় চা-শ্রমিক ও আদিবাসী খাসিয়ারা গতকাল শনিবার পাল্লাতল চা-বাগানের কারখানার সামনের সড়কে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন করেছে। এদিকে ওই এলাকার ছয়টি সীমান্তখুঁটির নির্দেশক ফলক দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর মূল সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি (সাব পিলার) থেকে ১৩৭৪ নম্বর মূল সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি পর্যন্ত বেশ কিছু জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ চলছিল। দীর্ঘদিন ধরে জায়গাটি বাংলাদেশের দখলে। গত বছরের ৮ ডিসেম্বর থেকে বিরোধপূর্ণ জায়গায় জরিপকাজ শুরু হয়। মাপজোখে ভারতের প্রায় ৩৬০ একর জায়গা বাংলাদেশের অপদখলে রয়েছে বলে দেখা যায়। ৩৬০ একরের মধ্যে শতবর্ষী পাল্লাতল চা-বাগান ও পাল্লাতল খাসিয়াপল্লির পানজুমের বেশ কিছু জায়গা পড়েছে। দুটি জায়গায় প্রায় তিন হাজার লোক বসবাস করছে। অপদখলীয় ৬৯ একর জায়গা বাদে বাকিটা ভারতকে ছেড়ে দেওয়া হচ্ছে—এ রকম খবরে সম্প্রতি পাল্লাতলের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রোববার স্থানীয় লোকজনের বাধায় বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল কাজ না করে ফিরে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, অপদখলীয় জায়গা রক্ষার দাবিতে পাল্লাতল চা-বাগানের কারখানার সামনের সড়কের দুই পাশে মানববন্ধন হয়। এতে বাগানের তিন-চার শ শ্রমিক ও আদিবাসী খাসিয়াপল্লির লোকজন অংশ নেয়। সকাল ১০টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত তা চলে। একপর্যায়ে স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকবর আলী সেখানে পৌঁছে একাত্ম হন।ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে জরিপকাজ চলছে। কিন্তু সরকারিভাবে আমাকে কিছু জানানো হয়নি। স্থানীয়দের দাবি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশা করছি।’বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান মুঠোফোনে জানান, জরিপ দল সিলেটের বড়গ্রাম সীমান্তে কাজ করছে। তবে পাল্লাতলে পুনরায় কবে জরিপকাজ শুরু হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।বিজিবি সূত্র জানায়, পাল্লাতলের ১৩৭১ নম্বর প্রধান সীমান্তখুঁটির ৪ ও ৬ নম্বর উপখুঁটি এবং ১৩৭২ নম্বর প্রধান সীমান্তখুঁটি ও এর ১, ২ ও ৩ নম্বর উপখুঁটির ওপরের নির্দেশক ফলক (হেডপ্লেট) চুরি হয়ে গেছে। গত শুক্রবার বিকেলে বিষয়টি বিজিবি ও বিএসএফের টহলদলের নজরে আসে। পাল্লাতল ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াছিন মোল্লা নির্দেশক ফলক চুরি ও বৈঠকের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চোরদের শনাক্ত করা যায়নি। উভয় পক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।