চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ অক্টোবর। গত রোববার শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠকে চা-শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।
চা-শ্রমিক ইউনিয়ন জানায়, ২০০৮ সালের ২৬ অক্টোবর পঞ্চায়েত কমিটির নির্বাচন হয়। পরে ওই বছরের ২ নভেম্বর কেন্দ্রীয় কার্যকরী কমিটি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের (লেবার হাউস) প্রতিনিধি নির্বাচন করে। কিন্তু নির্বাচনের এক বছরের মাথায় নির্বাচনে পরাজিত পক্ষ বিজয় প্রসাদ বুনার্জির নেতৃত্বে একটি পক্ষ নির্বাচিত কমিটির সদস্যদের বিতাড়িত করে লেবার হাউস দখল করে। সেই থেকে দেশের ২০০টি চা-বাগানের শ্রমিকেরা আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে এ বছরের ২১ মে সব চা-বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। ওই দিনই শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের আমন্ত্রণে চা-শ্রমিক ইউনিয়নের উভয় পক্ষের নেতারা এক সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে চা-শ্রমিক ইউনিয়নে নির্বাচনের কথা ছিল। কিন্তু ওই তারিখের মধ্যে নির্বাচন না হওয়ায় মালিকপক্ষের সঙ্গে চা-শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বৃদ্ধি, ছাত্র বৃত্তিসহ বিভিন্ন দাবি আদায় করা যায়নি। ফলে চা-শ্রমিকেরা আবারও আন্দোলনের প্রস্তুতি নেন। এ খবর পেয়ে গত রোববার শ্রমমন্ত্রীর আহ্বানে মন্ত্রণালয়ে চা-শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের নেতারা জরুরি বৈঠকে বসেন।
বৈঠকে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি মাখন লাল কর্মকার, সম্পাদক রাম ভজন কৈরী, শ্রমিকনেতা শিউ ধনী কূর্মী, বিজয় হাজরা ও পরেশ কালেঞ্জী এবং অপর পক্ষের বিজয় প্রসাদ বুনার্জি, সীতারাম অলমিক ও সুবাশ বাগতী উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমমন্ত্রী ঘোষণা করেন, আগামী ৬ অক্টোবর চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচন হবে। এ বিষয়টি ৬ সেপ্টেম্বরের যৌথ সভায় চা-শ্রমিকদের জানানো হবে।