চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে চা-শ্রমিক ইউনিয়নের নতুন চুক্তি না হওয়ায় ইউনিয়নের একটি অংশ কাল বৃহস্পতিবার দেশের সব চা-বাগানে এক দিনের ধর্মঘট ডেকেছে। এর আগে আজ বুধবার চা-শিল্পাঞ্চলে সভা-সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক ইউনিয়নের সদর দপ্তর লেবার হাউসে গত সোমবার বিকেলে এক সংবাদ সমেঞ্চলনে শ্রম-পরিদপ্তর গঠিত চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজি এ কর্মসূচির ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা-বাগান অধ্যুষিত সব উপজেলায় চা-শ্রমিকদের সমাবেশ ও মিছিল।প্রতি দুই বছর অন্তর চা-শ্রমিক ইউনিয়ন ও বিটিএর মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে দেশের ১৬৫টি চা-বাগানে কর্মরত ৮৫ হাজার নিবন্ধিত ও প্রায় ১৫ হাজার অনিবন্ধিত শ্রমিকের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হয়। বর্তমানে চা-শ্রমিকেরা দৈনিক ৪৮ টাকা মজুরি পান। চা-শ্রমিক ইউনিয়নে একটি পক্ষ মাখন লাল কর্মকার-রামভজন কৈরি সমর্থিত। এটি চা-শ্রমিকদের ভোটে নির্বাচিত। অন্য পক্ষটি শ্রম-পরিদপ্তর গঠিত চা-শ্রমিক ইউনিয়ন। এ পক্ষের নেতৃত্বে আছেন বিজয় বুনারজি। মাখন লাল কর্মকার-রামভজন পক্ষের সঙ্গে বিজয় বুনারজি সমর্থিত আহ্বায়ক কমিটির চলমান মামলা শ্রম আদালতে নিষ্পত্তি না হওয়ায় বিটিএ কোনো অংশের সঙ্গেই চুক্তি নবায়নে বসতে পারছে না। ফলে আটকে আছে শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বিজয় বুনারজি জানান, গত বছরের ৩১ আগস্ট ইউনিয়নের সঙ্গে বিটিএর চুক্তির মেয়াদ শেষ হয়। আইনানুযায়ী ওই বছরেরই ১৬ জুলাই বিটিএর কাছে ইউনিয়নের আহ্বায়ক কমিটির পক্ষে দাবিনামা পেশ করা হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় নয় মাস পেরোলেও এখনো বিটিএ নতুন চুক্তি করেনি। উপরন্তু নির্বাচিত সিবিএ ছাড়া বৈঠক কার সঙ্গে হবে—এসব অজুহাত তুলে কালক্ষেপণ করা হচ্ছে। চুক্তি না হওয়ায় চা-বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় তাঁরা ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। এ সময়ের মধ্যে চুক্তির জন্য উদ্যোগ নেওয়া না হলে দেশের সব চা-বাগানে লাগাতার কর্মসূচি পালন করা হবে।সোমবারের সংবাদ সমেঞ্চলনে চা-শ্রমিক ইউনিয়নের ওই অংশের দুজন উপদেষ্টা শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব ও আওয়ামী লীগের নেতা জহির আহমেদ শামীম, চা-শ্রমিক নারী নেত্রী গীতা গোস্বামী, সুভাষ বাগিত, স্বপন কুমার সাউ, অশোক বুনারজি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দৈনিক ১৫০ টাকা মজুরি, এক কেজি রেশন, বছরে ২০ দিন ছুটি, উৎসব-ভাতা বাড়ানোসহ ১৮ দফা দাবিতে ১৬ মে শ্রমিকদের এ অংশটি দেশের সব চা-বাগানে ধর্মঘট ডেকে বিটিএর আশ্বাসের পর প্রত্যাহার করে নেয়।চা-শ্রমিক ইউনিয়নের অন্য অংশের সাধারণ সম্পাদক রামভজন কৈরি জানান, যাঁরা ধর্মঘট ডেকেছেন, তাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। চা-শ্রমিক জনগোষ্ঠীকে বিভ্রান্ত করে বর্তমান শ্রমিকবান্ধব সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চান। এই ধর্মঘটের সঙ্গে সাধারণ শ্রমিকের কোনো সম্পর্ক নেই।বিটিএ সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিকেদের সঙ্গে চুক্তি করতে রাজি। কিন্তু কাদের সঙ্গে করব—আইনি জটিলতার কারণে এ প্রশ্ন দেখা দিয়েছে।’