মৌলভীবাজারে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে গত মঙ্গলবার চা-শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী ছয় মাসের মধ্যে নির্বাচন হবে। তবে নির্বাচন পর্যন্ত রাম ভজন কৈরী সভাপতি ও বিজয় প্রসাদ বুনার্জি চা-শ্রমিক ইউনিয়নের সম্পাদকের দায়িত্ব পালন করবেন।চা-শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সমঝোতা বৈঠকে শ্রীমঙ্গল সদরের ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় সভাপতিত্ব করেন। একপক্ষে নেতৃত্ব দেন রাম ভজন কৈরী, অপরপক্ষে বিজয় প্রসাদ বুনার্জি। বৈঠকে সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী ও শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী। সমঝোতা স্মারকে বলা হয়, নির্বাচিত কমিটি ও এডহক কমিটির সমন্বয়ে উভয় পক্ষ থেকে ১৫ জন করে মোট ৩০ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হবে। কমিটির সভাপতি হবেন রাম ভজন কৈরী এবং সম্পাদক বিজয় বুনার্জি। এ ছাড়া মাখন লাল কর্মকারসহ আরও তিনজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে। কমিটি গঠনের পর পরই উভয় পক্ষের সব মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়াও ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধনসহ নতুন কমিটি গঠনের পর ছয় মাসের মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাম ভজন কৈরী বলেন, সাধারণ চা-শ্রমিকদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০০৮ সালের ২৬ অক্টোবর প্রথম দফায় দেশের সাতটি অঞ্চলে ২০০টি চা-বাগানে বাগান পঞ্চায়েত কমিটি নির্বাচন করা হয়। ২০০৮ সালের ২ নভেম্বর দ্বিতীয় দফায় কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। এ নির্বাচনে সংগ্রাম কমিটির মাখন লাল কর্মকার সভাপতি ও রাম ভজন কৈরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০৯ সালের ২৫ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় প্রসাদ বুনার্জি চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউস জবরদখল করে নেন।