চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
জানা গেছে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, ভ্যালি কমিটি ও বাগান পঞ্চায়েত কমিটির পূর্বঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচন হয়েছে। গত ১১ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে একজন ভোটার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি এবং ভ্যালি ও পঞ্চায়েত কমিটির প্যানেলে শুধু সভাপতিকে ভোট দিয়েছেন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২২৮টি চা-বাগানে এ ভোট গ্রহণ হয়েছে। ভোটারসংখ্যা ৯৪ হাজার ৬৭৫ জন।
নির্বাচন নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা শ্রম অধিদপ্তরের উপপরিচালক এনামুল হক বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এখনো ফলাফল আসতে শুরু করেনি। আগামীকালের (সোমবার) আগে হয়তো চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে না।’