চা-শ্রমিককে ছুরি মেরে হত্যা গ্রেপ্তার ২
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পূর্ববিরোধের জের ধরে আত্মীয়রা ছুরি মেরে রণজিত রাজগড় (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রত্না চা-বাগানে এ হত্যাকাণ্ড ঘটে। রণজিত ওই চা-বাগানে শ্রমিকের কাজ করতেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গৌতম রাজগড় (২২) ও বিক্রম রাজগড় (৪০)। তাঁদের বাড়ি বাগানের ১ নম্বর লাইন এলাকায়। দুজনেই বাগানে শ্রমিকের কাজ করেন।পুলিশ, চা-বাগান কর্তৃপক্ষ ও নিহত রণজিতের স্বজনদের সূত্রের বিবরণ অনুযায়ী, বাগানের ১ নম্বর লাইন এলাকার বাসিন্দা রণজিত এবং তাঁর কাকা মনোরঞ্জন রাজগড়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রণজিত ও মনোরঞ্জনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রণজিত দা দিয়ে মনোরঞ্জনের ঘাড়ে কোপ দেওয়ার চেষ্টা চালান। এতে ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জনের ছেলে গৌতম একটি ধারালো ছুরি নিয়ে ছুটে এসে রণজিতের পেটে উপর্যুপরি আঘাত করেন। এ সময় বিক্রম তাঁকে সহযোগিতা করেন। পরে বাগানের হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণে মনোরঞ্জন মারা যান। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বাগানে অভিযান চালিয়ে গৌতম ও বিক্রমকে গ্রেপ্তার করে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গতকাল রাত সোয়া আটটার দিকে প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা গৌতম স্বীকার করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির পেটে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।