চা-শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান
সিলেট অঞ্চলের চা-শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ এবং গ্রেপ্তার হওয়া নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। গত শুক্রবার প্রবাসী মানবাধিকারকর্মী, সাবেক ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশের চা-শ্রমিকেরা বিশ্বের অতিদরিদ্র শ্রমিক হিসেবে পরিচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যূনতম মজুরি না দিয়ে দাস হিসেবে চা-শ্রমিকদের শোষণ করা হচ্ছে। নানাভাবে তাঁদের নির্যাতন করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি ও নির্যাতন বন্ধ না হলে প্রবাস থেকে চা-শ্রমিকদের জন্য আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিদাতারা জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরÿকরেছেন অ্যাসিস্ট্যান্স ফর হিউম্যান রাইটসের সংগঠক নাসিমা সুলতানা, ইসতেহাক বাবর, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, ইব্রাহিম চৌধুরী, কাজী কয়েস, শেখ আতিক, আবদুর রহিম প্রমুখ।