চা-শ্রমিকদের কল্যাণ তহবিল গঠনে বিল পাস
চা শ্রমিকদের কল্যাণে আজ মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৬ পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিলে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো শ্রমিক শারীরিক বা মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পেলে তাকে তহবিল থেকে এককালীন অনুদান দেওয়া হবে। কোনো শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তার স্ত্রী বা স্বামী পাবেন।
এ ছাড়াও গতকাল প্রতিরক্ষা কর্ম বিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল ২০১৬ ও প্রতিরক্ষা কর্ম বিভাগ (সর্বাধিনায়কতা) বিল ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পক্ষে বিল দুটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্থাপনের পর বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।