চা-শ্রমিকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকা আগামী সোমবারের ধর্মঘট স্থগিত করা হয়েছে। মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) অনুরোধে ওই ধর্মঘট স্থগিত করা হয় বলে জানা গেছে। দৈনিক মজুরি ১৫০ টাকা, এক কেজি রেশন, বছরে ২০ দিন ছুটি এবং উৎসব ভাতা বাড়ানোসহ ১৮ দফা দাবিতে এবং চুক্তি নবায়নে সময়ক্ষেপণের অভিযোগে গত ১০ জানুয়ারি চা-শ্রমিকেরা ওই ধর্মঘট ডেকেছিলেন। তবে গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভার মাধ্যমে ওই ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চট্টগ্রাম অঞ্চল ছাড়া দেশের অন্য ছয়টি অঞ্চলের চা-শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজির সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য দেন সীতারাম অলমিক, গীতা গোস্বামী, মোবারক হোসেনসহ ছয়টি অঞ্চলের সভাপতি ও সম্পাদকেরা। আহ্বায়ক বিজয় বুনারজি বলেন, সমপ্রতি বিটিএর সচিব জি এস ধর স্বাক্ষরিত একটি চিঠিতে শিগগিরই আলোচনায় বসার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে সোমবারের ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে আলোচনায় বসা নিয়ে টালবাহানা করা হলে আগামী ১৬ মে সারা দেশের চা-বাগানগুলোতে ধর্মঘট পালন করা হবে।