হবিগঞ্জের চান্দপুর ও বেগমখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে দেশি-বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য চা-শ্রমিকদের ভূমি দখলের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল সোমবার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি ও বাসদ আয়োজিত ‘স্পেশাল ইকোনমিক জোন-এর নামে চা-শ্রমিকদের উচ্ছেদ, প্রকৃতি এবং পরিবেশ কার স্বার্থে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বাম নেতারা এ অভিযোগ করেন।
সভায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, জমি দখল করতে দুই ফসলি জমিকে অকৃষি হিসেবে দেখানো হয়েছে, যেন দখলও বজায় থাকে আবার আইনও না ভাঙে। তিনি সরকারের এই চেষ্টাকে ‘উন্নয়নের নামে ভাঁওতাবাজি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চা-শ্রমিকদের ন্যায্য আন্দোলন মেনে নিয়ে সরকারের উচিত ওই অঞ্চলে অর্থনৈতিক জোন বানানোর পরিকল্পনা বাদ দেওয়া।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চা-শ্রমিকেরা এমনিতেই অবহেলিত। তাঁরা যে মজুরি পান, তা সাধারণভাবে চিন্তাও করা যায় না। তার ওপর তাঁদের জমিতে তাঁদেরই অনুমতি ছাড়া অর্থনৈতিক অঞ্চল বানানোর চেষ্টা চালানো একধরনের বর্বরতা। তিনি এই চক্রান্ত রুখে দিতে সব বাম-গণতান্ত্রিক দল ও গোষ্ঠীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আইন অনুযায়ী দখলসূত্রে এই জমির মালিক চা-শ্রমিকেরা। তাঁদের জমির সিদ্ধান্ত তাঁরাই নেওয়ার এখতিয়ার রাখেন। যাঁরা এই জমিকে আবাদযোগ্য বানিয়েছেন, এই জমি তাঁদের কাছেই থাকবে।
কলামিস্ট আবু সাঈদ খান বলেন, চা-শ্রমিকদের আন্দোলন প্রমাণ করে, কৃষিজমি রক্ষায় সরকারের ঘোষণা আসলে ‘কথার কথা’। তিনি চা-শ্রমিকদের আবাদি জমি বাদ দিয়ে অন্য খাসজমি ও পতিত ভূমিতে অর্থনৈতিক অঞ্চল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।