মজুরি বৃদ্ধি বাড়ানো, চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ ২০ দফা দাবিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা-বাগানে চা-শ্রমিকেরা মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার সকালে বাগানের কারখানা এলাকায় এ মানববন্ধনে প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন।
মানববন্ধন চলাকালে করিমপুর চা-বাগান পঞ্চায়েত সভাপতি আপন সুড়ি নাইডুর সভাপতিত্বে বক্তব্য দেন লংলা ভেলীর সভাপতি শহিদুল ইসলাম, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অজিত রায়, বাগান পঞ্চায়েত সম্পাদক মানিক কর্মকার, সাবেক ইউপি সদস্য বিদুর্গা নাইডু প্রমুখ। সকাল আটটা থেকে সকাল ১০টা পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মানববন্ধন করেন।
আপন সুড়ি নাইডু মানববন্ধন হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘তিন বছর আগে আমরা ২০ দফা দাবি দিয়েছিলাম। এখনো কিচ্ছু হয়নি।’ সভাপতি জানান, তাঁদের দাবির মধ্যে রয়েছে চা-শ্রমিকদের মজুরি ৫৫ টাকা থেকে ১২০ টাকা করা, ভূমি প্রদান, বাসস্থান তৈরি করে দেওয়া, শ্রমিকদের প্রাপ্য ছাতা প্রদান ইত্যাদি।