চা-শ্রমিকদের মজুরি বেড়ে ৬৯ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকদের দৈনিক মজুরি সাত টাকা বাড়িয়ে ৬৯ টাকা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে চা-শ্রমিক নেতা ও মালিকপক্ষের সঙ্গে শ্রমমন্ত্রীর জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জুলাই মাসে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন করার জন্য প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তও সভায় গৃহীত হয়। এর আগে চলতি মাসের গোড়ার দিকে মজুরি ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। শ্রমমন্ত্রী রাজিউদ্দীন রাজুর সভাপতিত্বে ওই বৈঠক হয়। এতে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক রামভজন কৈরী, শ্রমিক নেতা বিজয় প্রসাদ বুনার্জি, চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের সভাপতি শাহ আলম ও পরিচালক নূর আলমসহ নেতারা উপস্থিত ছিলেন। টানা এক ঘণ্টার বৈঠক শেষে বিকেল সোয়া পাঁচটায় চা-শ্রমিক নেতা রামভজন কৈরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্রমিক, মালিক ও সরকার—এই তিন পক্ষের সিদ্ধান্তে ১ জুন থেকে চা-শ্রমিকেরা দৈনিক মজুরি হিসাবে পাবেন ৬৯ টাকা। এ মজুরি দেওয়া হবে চা-শ্রমিক ইউনিয়নের আগামী নির্বাচন পর্যন্ত। নির্বাচন শেষে আবার মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে নতুন চুক্তির মাধ্যমে চা-শ্রমিকদের মজুরি বাড়বে। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও মালিকপক্ষের প্রতিনিধি শাহ আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।