চা-শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি
দৈনিক মজুরি ৩০০ টাকা করাসহ সাত দফা দাবিতে চা-শ্রমিকেরা সমাবেশ করেছেন। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন এর আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন চা-শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ। ফেডারেশনের সংগঠক কিরণ বৈদ্য এটি সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহেদুল হক।
চা-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রত্যেক শ্রমিককে সাপ্তাহিক রেশন হিসেবে পাঁচ কেজি করে চাল প্রদান, প্রত্যেক বাগানে প্রাথমিক বিদালয় ও আধুনিক হাসপাতাল নির্মাণ, শ্রমিকদের বসতবাড়ি ও কৃষিজমির স্থায়ী মালিকানা প্রদান, হবিগঞ্জের চানপুর-বেগমখান চা-বাগানের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প প্রত্যাহার এবং অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ। এসব দাবিতে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান, জেলা সদস্যসচিব মোজাহিদ আহমদ, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাত আহমদ, চা-শ্রমিক ফেডারেশনের সদস্য কাজল রায় ও উত্তম বাগতি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক মিটন দেবনাথ প্রমুখ।