চা-শ্রমিকদের সন্তানদের গণিত উৎসব
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সবাই চা-শ্রমিকদের সন্তান। গতকাল শুক্রবার বেলা ১১টায় চা-শ্রমিকদের সন্তান-শিক্ষকদের সংগঠন উত্তরণ-এর উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
উত্তরণের প্রতিনিধি অনুময় বর্মা বলেন, পুরোপুরি প্রথম আলো গণিত উৎসবের মতো না হলেও সেটাকে অনুসরণ করে এ আয়োজন করা হয়। কমলগঞ্জের ২৩টি চা-বাগানের অষ্টম থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। যোগাযোগের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ে ৬০০ শিক্ষার্থী ও শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ে আরও ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। আর উত্তরপত্র নিরীক্ষণ শেষে মেধাবী ও কৃতী শিক্ষার্থী বাছাই করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
জানা যায়, কয়েক বছর ধরে চা-বাগান শ্রমিক সন্তানদের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়ছে। সে জন্য উত্তরণ, জাগরণ যুব ফোরাম, একটি পাতা দুটি কুঁড়ি সাংস্কৃতিক পরিষদ, চা ছাত্র যুব পরিষদ নামে সংগঠনগুলো চা-শ্রমিক পরিবারের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। সংগঠনগুলো প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র সমাপনী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের বিনা বেতনে কোচিং দিচ্ছে। এতে প্রতিটি পাবলিক পরীক্ষায় চা-শ্রমিক সন্তানেরা ভালো করছে। জিপিএ-৫ পাচ্ছে। তবে গণিতে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে শমশেরনগর ও ইসলামপুরে গণিত উৎসবের আয়োজন করা হয়।