চা-শ্রমিকদের ৭ দফা দাবি
চা-শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানে এক শ্রমিক সমাবেশ হয়েছে। শ্রমিকনেতা রামলাল রাজভরের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহেদুল হক। সমাবেশে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা করা, প্রতি সপ্তাহে রেশনে পাঁচ কেজি চাল এবং প্রতি মাসে দুই কেজি চা-পাতা প্রদান, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, চা-শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত করা, ঐতিহাসিক ২০ মে ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন ও সবেতন ছুটি ঘোষণাসহ সাত দফা দাবি জানানো হয়।সমাবেশে বক্তব্য দেন ফ্রন্টের কেন্দ্রীয় উপদেষ্টা মঈনুর রহমান, মামুনুর রশীদ, মুজাহিদ আহমদ, চা-শ্রমিক নেতা রামভজন কৈরী, বিজয় বুনার্জী, আপনা নাইডু, পুরন উরাং, স্বপন নাইডু, দীপংকর ঘোষ, কাজল রায়, জয়তপু, বিপ্লব পাচী, মহেশ যাদব প্রমুখ।বক্তারা বলেন, ‘চা-শিল্পের উন্নতি হলেও চা-শ্রমিকদের জীবনমানের উন্নতি হয়নি। মালিকেরা মুনাফা করছেন। কিন্তু শ্রমিকেরা যথাযথ প্রাপ্য পাচ্ছেন না।’