চা-শ্রমিকদের ‘মুল্লুকে চলো’র রক্তমাখা দিন
উন্নত জীবনযাপনের আশা নিয়ে জন্মমাটি ছেড়ে চা-বাগানে কাজ করতে আসেন একদল মানুষ। কিন্তু কাজে এসে তাঁদের স্বপ্ন গুঁড়িয়ে যায়। স্বপ্নভঙ্গের জ্বালা নিয়ে তাঁরা ফিরতে চান নিজের দেশে। ডাক দেওয়া হয় ‘মুল্লুকে চলো’। ১৯২১ সালের ২০ মে এক রক্তাক্ত পরিণতিতে চা-শ্রমিকদের মুল্লুকে ফেরার স্বপ্নও শেষ হয়ে যায়। এ দিনটিকে (২০ মে) এখন চা-শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। চা-শ্রমিক সূত্রে জানা গেছে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা-বাগান প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্রিটিশ কোম্পানিগুলো এ অঞ্চলে বাণিজ্যিকভাবে চা-বাগান তৈরি শুরু করে। সুন্দর ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কোম্পানিগুলো দালালের মাধ্যমে দক্ষিণ ও মধ্য ভারতের উড়িষ্যা, মাদ্রাজ, বিহার, মধ্যপ্রদেশের অভাবপীড়িত ও অনুর্বর অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিয়ে আসে। এদের আসাম ও বৃহত্তর সিলেট অঞ্চলের গহিন জঙ্গলে চা-বাগান তৈরির অমানুষিক কাজে বাধ্য করা হয়। মালিকেরা চা-শ্রমিকদের নিয়মিত একবেলা পেট পুরে খেতেও দিতেন না। এ ছাড়া চা-শ্রমিকদের ওপর চালানো হতো শারীরিক নির্যাতন। এতে করে চা-শ্রমিকদের সুন্দর জীবনের মোহ কেটে যায়। শ্রমিকেরা গোপনে ‘নিজ মুল্লুকে (নিজ দেশে)’ ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু ফেরার পথ কারও জানা নেই। তাঁরা শুধু জানতেন, চাঁদপুর থেকে স্টিমারে কলকাতা যাওয়া যায়। ১৯২১ সালে দিনক্ষণ ঠিক করে কাছাড় ও সিলেটের প্রায় ৩০ হাজার শ্রমিক ‘মুুল্লুকে চলো’ ডাক দিয়ে পথে নামেন। ওই বছরের ২০ মে শ্রমিকেরা স্টিমারে উঠতে চাইলে গোর্খা সেনারা বাধা দেয়। শ্রমিকেরা এতে বিদ্রোহী হয়ে উঠলে সেনারা নির্বিচারে গুলিবর্ষণ করে। এই দিনটিকে এখন চা-শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কর্মসূচি: চা-শ্রমিক দিবস উপলক্ষে আজ চা-বাগানগুলোতে বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে সভা-সমাবেশ করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন কাল মঙ্গলবার আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে।