চা-শ্রমিকনেতা জয়কে ডাকাতি মামলায় গ্রেপ্তার!
মালনীছড়া চা-বাগানের রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ম কুর্মিকে একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল বুধবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে যাঁদের দায়ের করা মামলায় জয়কে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক বলেন, তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন। কিন্তু পুলিশ কখন, কাকে গ্রেপ্তার করেছে—এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
পুলিশ জানায়, গত বছরের ১৬ অক্টোবর মালনীছড়া চা-বাগানের পার্শ্ববর্তী লাক্কাতুরা চা-বাগানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হাসান অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই হুমায়ুন কবীর বলেন, লাক্কাতুরা বাগান ব্যবস্থাপক নন, পুলিশের সন্দেহ হওয়ায় মামলায় জয়কে সন্দেহভাজন আসামি করা হয়েছে। তদন্তে প্রমাণ না হলে কিছু করার নেই।