মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানের শ্রমিকের সন্তান কলেজছাত্র অসীম নাইডুর হত্যাকারীর ফাঁসি দাবি করেছেন চা-শ্রমিকেরা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার তাঁরা মাথিউরা চা-বাগানে কর্মবিরতি পালন করেছেন। প্রতিবাদ ও শোক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকেও খুনির মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে।
অসীম হত্যার ঘটনায় পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন চার আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ গত বুধবার রাতে এজাহারভুক্ত মাথিউরা চা-বাগানের শ্রমিক সুমন নাইডু (২২), কালীদাস নাইডু (২৫) ও বিশ্ব নাইডুকে (২১) চা-বাগান থেকে গ্রেপ্তার করে। এই তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামি বিশ্বনাথ নাইডুকে (২২) গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) বিশ্বনাথ নাইডুকে আদালতে পাঠানো হবে।
মাথিউরা চা-বাগান শ্রমিক সূত্রে জানা গেছে, অসীম নাইডুর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চা-শ্রমিকেরা গতকাল সকাল থেকে কাজ বন্ধ রাখেন। সকাল আটটার দিকে তাঁরা চা-বাগানের দুই নম্বর বিভাগে সমবেত হয়ে প্রতিবাদ ও শোক সমাবেশ করেন। মাথিউরা চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুপ্রিম গৌড়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পঞ্চায়েত কমিটির সদস্য সমরু নাইডু, মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, শিক্ষক আপনা নাইডু, চা-শ্রমিক নেতা বিক্রম গৌড়, সত্যনারায়ণ নাইডু, বাবু লাল গৌড় প্রমুখ। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে চা-বাগান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রাজনগর থানা পর্যন্ত যান। পরে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি পেশ করেন।
মাথিউরা চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুপ্রিম গৌড় গতকাল প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) কোনো শ্রমিক কাজে যাননি। আগামী রোববার ছুটির দিন শ্রমিকেরা কাজ করে দেবেন। আমরা অসীম নাইডুর হত্যাকারীর ফাঁসি চাই। আমাদের এই শ্রমিকের সন্তান কলেজে পড়ত। সোজা-সরল ছেলে ছিল সে।’
বুধবার দুপুরের দিকে মাথিউরা চা-বাগানসংলগ্ন ধানখেত থেকে অসীম নাইডুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। অসীম নাইডু টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের পাঁচ নম্বর বিভাগের রামানা নাইডুর ছেলে ও রাজনগর ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় অসীম নাইডুর বাবা রামানা নাইডু বাদী হয়ে বুধবার রাতে রাজনগর থানায় একটি হত্যা মামলা করেন। এজাহারে সন্দেহজনক পাঁচজনের নাম উল্লেখ করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাসেত গতকাল প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত সন্দেহজনক পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত থেকে তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।