
হাওরের ফসলহারা লাখো কৃষক পরিবারে অভাব। অর্ধাহার-অনাহারে দিন কাটছে অনেকের। এই পরিস্থিতিতে পাঁচটি গ্রামের মানুষ মাছ ধরার সরঞ্জামাদি তৈরি করে টিকে থাকার লড়াই করছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর ও আঙ্গারুলি হাওরপাড়ের এই গ্রামগুলো হলো ব্রজনাথপুর, গোপালপুর, চান্দারগাঁও, লক্ষ্মীপুর ও রাজনগর। এসব গ্রামের মানুষ কৃষিনির্ভর। তবে বর্ষায় হাওরে মাছ ধরার পাশাপাশি জ্যৈষ্ঠ থেকে আশ্বিন—এই পাঁচ মাস মাছ ধরার ‘চাঁই’, ‘গুই’ ও ‘রুঙ্গা’ তৈরি করে।
গত সোমবার বিশ্বম্ভরপুর বাজার থেকে আঙ্গারুলি হাওর হয়ে যেতে হয় প্রায় চার কিলোমিটার দূরের ব্রজনাথপুর গ্রামে। যে ঘাটে নৌকা ভেড়ে, সেখানে একটি ছোট্ট দোকানঘর। এর বারান্দায় বসে বাঁশ ও প্লাস্টিকের সুতার সাহায্যে মধ্যবয়সী এক নারী গুই তৈরি করছেন। টেংরা, চিংড়িসহ ছোট মাছ ধরা হয় এসব গুই দিয়ে। ফুলমতী বিশ্বাস নামের ওই নারী বলেন, ‘আমি একলা না, পুরা গ্রামের মানুষ অখন এইটা বানায়। এইটা না অইলে ইবার আমরা না খাইয়া মরলাম অনে।’
গ্রামে ঘুরে ফুলমতীর কথার প্রমাণ মেলে। বীরেন্দ্র বিশ্বাসের ঘরের বারান্দায় সাত-আটজন নারী-পুরুষ চাঁই ও গুই তৈরি করছেন। তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ব্যস্ত। বীরেন্দ্র বলেন, হাওরে তাঁর পাঁচ একর জমি আছে। এবার আগাম বন্যায় জমির ধান নষ্ট হয়ে গেছে। এখন ছাঁই ও গুই বিক্রি করে তাঁরা বেঁচে আছেন। তাঁর স্ত্রী বিমলা বিশ্বাস পাশ থেকে বলেন, ‘বাবা রে এইবার হাওর এলাকায় যে অভাব দেখা দিছে, আমরা যদি এই কাজ না জানতাম, তাইলে বাঁচা দায় অইত।’
ব্রজনাথপুরে প্রায় ২০০ পরিবার আছে। গ্রাম ঘুরে এমন কোনো ঘর পাওয়া যায়নি, যে ঘরে এসব সরঞ্জাম নেই বা তৈরির কাজ হয় না। শিশুরাও কাঠি তৈরি করা ও সুতা কাটায় বড়দের সহায়তা করছিল।
গ্রামের লোকজন বলেন, হাওরের বিভিন্ন গ্রামের লোকজন কাজের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন। কিন্তু এই পাঁচ গ্রামের কোনো মানুষ যায়নি। তারা মাছ ধরার সরঞ্জামাদি তৈরি ও বিক্রি করে টিকে আছে। অন্যদের মতো এই গ্রামগুলোর মানুষ ত্রাণের জন্য ছোটাছুটি করছে কম। গ্রামের নরেন্দ্র বিশ্বাস বলেন, বহুদিন থেকেই এসব গ্রামের লোকজন চাঁই, গুই ও রুঙ্গা তৈরি করে। তবে বারবার হাওরে ফসলহানির ঘটনায় এখন গ্রামের বাসিন্দারা এটাকেই আয়ের মূল পথ হিসেবে বেছে নিচ্ছে।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, হাওরে প্রতিবছরই কমবেশি ফসলহানি ঘটে। কিন্তু এবার একমুঠ ধানও ঘরে ওঠেনি। এই পরিস্থিতিতে এই পাঁচ গ্রামের মানুষ চাঁই, গুই ও রঙ্গা বিক্রি করে আপাতত ভালো আছে। আপাতত তারা চলতে পারছে। কিন্তু পাঁচ মাস পর কীভাবে তারা চলবে, সেটি চিন্তার বিষয়।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এপ্রিল মাসের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। সরকার দেড় লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রতি মাসে ৩ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে সহায়তা দিচ্ছে। এই সহায়তার বাইরে রয়েছে আরও পৌনে দুই লাখ পরিবার। ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা এসব পরিবারের লোকজন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।