চাঁদ আজ পৃথিবীর কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই দশক পর আবারও আসছে সুপারমুন, অর্থাৎ চাঁদকে কাছাকাছি অবস্থানে দেখার সুযোগ। আজ শনিবার চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর দুই লাখ ২১ হাজার ৫৬৭ মাইল দূরত্বে অবস্থান করবে। এই অবস্থান থেকে চাঁদকে সাধারণভাবে দৃশ্যমানের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। সর্বশেষ ১৯৯২ সালে চাঁদ পৃথিবীর এত কাছাকাছি এসেছিল। বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্র এ উপলক্ষে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করেছে। ওই ক্যাম্প থেকে সুপারমুনের ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সন্ধ্যায় ধানমণ্ডি খেলার মাঠে চাঁদ পর্যবেক্ষণ ক্যাস্প করবে।গতকাল শুক্রবার অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে সুপারমুন পর্যবেক্ষণে দুটি প্রস্তুতিমূলক ক্যাম্প হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)। গাজীপুরের ক্যাম্পে শিক্ষার্থী ও স্থানীয় মানুষ উপভোগ করে। এ সময় গণপূর্তসচিব শওকত হোসেন, নাট্যব্যক্তিত্ব ম হামিদ, অনুসন্ধিৎসু চক্রের শাহজাহান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। সুপারমুন দেখায় করণীয়: অনুসন্ধিৎসু চক্র থেকে পাঠানো করণীয়তে বলা হয়েছে, খালি চোখেই এই পূর্ণিমার চাঁদ দেখা যাবে। যারা টেলিস্কোপ বা বাইনোকুলার দিয়ে পর্যবেক্ষণ করবে, তাদের অবশ্যই মুন ফিল্টার ব্যবহার করা উচিত, নয়তো চোখের ক্ষতি হতে পারে। যারা ছবি তুলতে আগ্রহী, তাদের ক্ষেত্রে পরামর্শ, অটো মুডে বা অ্যাপরাচার/আইরিশ কমিয়ে ছবি তুলতে হবে।