চাঁদ দেখে মুগ্ধ শিশু-কিশোরেরা

চাঁদ দেখার জন্য কিশোর আলোর মহাকাশ ক্লাবের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হলো কলাবাগান মাঠে। গতকাল শুক্রবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও মহাকাশ বার্তার সম্পাদক মশহুরুল আমিনের নির্দেশনায় টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা কর্মসূচির আয়োজন করা হয়।
কিশোর আলোর আগস্ট সংখ্যায় চাঁদ দেখার এই আয়োজনের কথা উল্লেখ করা হয়েছিল। সেই সূত্রে গতকাল বিকেল পাঁচটা থেকে আসা শুরু করে কিশোর-কিশোরীরা। সন্ধ্যা হওয়ার পর আগ্রহীদের ভিড় জমে যায়। বিকেলে মশহুরুল আমিনের সহযোগিতায় কয়েকজন স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়। তাঁদের সহায়তায় কিশোর-কিশোরীরা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখতে পায়।
আগ্রহী কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকেরা চাঁদ দেখতে পেরে অভিভূত। ছোট্ট মেয়ে জায়মা দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সে-ও এসেছিল চাঁদ দেখতে। জায়মা বলল, ‘চাঁদ দেখে খুব ভালো লেগেছে। আমি আগে কখনো এভাবে চাঁদ দেখিনি।’
এই কর্মসূচি সম্পর্কে মশহুরুল আমিন বলেন, ‘এত বছর ধরে কাজ করার পর আজ আমার বেশ ভালো লাগল। কারণ, কিশোর আলোর এই কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার কারণে অনেক শিশু-কিশোরের আগ্রহ দেখতে পেলাম। তাদের এই আগ্রহ ভবিষ্যতে অবশ্যই দেশের কাজে আসবে। কারণ, আমাদের লক্ষ্য হলো এই আগ্রহীদের আরও আকৃষ্ট করে জ্যোতির্বিদ হিসেবে গড়ে তোলা।’
রাত সাড়ে আটটায় চাঁদ দেখার আয়োজন শেষ হয়।