সওজের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ও কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে কারণ দর্শানোর নির্দেশ (শোকজ) দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। কুমিল্লার গৌরীপুর ও চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের বেহাল দশা দেখে মন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে এই নির্দেশ দেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, সড়ক বিভাগের এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের সাত দিনের মধ্যে রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সারা দেশের মধ্যে চাঁদপুরের রাস্তাঘাট এতই খারাপ যে মন্ত্রী হিসেবে আমি লজ্জিত। জনগণ কেন, আমিও জনগণের কাতারে থাকলে ধর্মঘট করতাম।’পরে মন্ত্রী চাঁদপুরের নারায়ণপুর এলাকার সড়ক পরিদর্শন করেন। এ সময় লোকজন রাস্তা সংস্কারের দাবিতে স্লোগান দিলে মন্ত্রী বলেন, এখন স্লোগানের সময় নয়, কাজ শেষ হলে স্লোগান দেবেন।বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি রেলওয়ের ভূমি কেন অবৈধ দখল হলো এবং অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন, এ জন্য চাঁদপুরের দায়িত্বে থাকা কানুনগো আবদুল হামিদকে শোকজ করেন। মন্ত্রী ১০ দিনের মধ্যে চাঁদপুরে রেলওয়ের সম্পত্তির সঠিক হিসাব ও অবৈধ দখলের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক তফাজ্জল হোসেনকে টেলিফোন করে চাঁদপুর রেলওয়ে স্টেশন সংস্কারের নির্দেশ দেন তিনি।চাঁদপুর যাওয়ার পথে বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে রাস্তাঘাটের অবস্থা দেখার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। রাস্তা মেরামতের কাজ দ্রুত চালিয়ে যাওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিচ্ছি। যোগাযোগমন্ত্রী বলেন, দুর্ঘটনা ও যানজট এখন একটা দুর্ভাবনা।