চাঁদপুর ও রাঙামাটিতে গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩তম আঞ্চলিক গণিত উৎসবকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকেই  চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শত শত শিক্ষার্থী। ছবি: প্রথম আলো
১৩তম আঞ্চলিক গণিত উৎসবকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকেই চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শত শত শিক্ষার্থী। ছবি: প্রথম আলো

চাঁদপুর ও রাঙামাটিতে আজ শনিবার চলছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব।
চাঁদপুর: ১৩তম আঞ্চলিক গণিত উৎসবকে কেন্দ্র করে ভোর থেকেই চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শত শত শিক্ষার্থী। সকাল সাড়ে নয়টায় প্রথম আলো বন্ধুসভার সদস্যদের গাওয়া জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান চাঁদপুর ও কুমিল্লা জেলার প্রায় ৭০০ শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। জাতীয় পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন শেষে ভেন্যু স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, গণিতের মাধ্যমে মেধার বিকাশ ঘটে। আইকিউ উন্নত হয়। ভালো-মন্দ বিষয়ে বুঝতে পারে। এ জন্য প্রত্যেকের জীবনে গণিত শিক্ষা অপরিহার্য। এই উৎসবের মাধ্যমে গণিত সবার মাঝে ছড়িয়ে যাবে—এই অঙ্গীকার হোক আমাদের।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিহিল লাল সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনটাই গণিত। কারণ, জীবনের ভালো-খারাপ সবটাই গুনতে হচ্ছে এবং গুনতে হবে। গণিতকে জয় করলেই জীবনের হিসাবও মিলাতে পারবে।

এরপর সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শেষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব।

রাঙামাটি
রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজে শুরু হয়েছে গণিত উৎসব। সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন করেন ভেন্যু প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ মতিন।

উদ্বোধনীর সময় জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড পতাকা তোলেন যথাক্রমে এম এ মতিন, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলো যুববিষয়ক কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।

উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ এম এ মতিন বলেন, ‘গণিত উৎসব শুরু হওয়ার পর থেকে আমাদের শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি কমে যাচ্ছে। গণিতকে এখন সবাই উৎসাহ নিয়ে দেখছে।’