চাঁদপুর ও সিরাজগঞ্জে বখাটেদের জুতাপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় হাসান সর্দার নামে এক বখাটে যুবককে জুতাপেটা করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সালিসে তাকে এ শাস্তি দেওয়া হয়। সে সঙ্গে ৩০ হাজার টাকার মুচলেকা নিয়ে তাকে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বখাটে এক যুবকের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছে। স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ছুরমান আলী নামে ওই বখাটে যুবককে জুতাপেটাও করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাজীগঞ্জে বখাটেপনার শিকার স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদুষী চাকমার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে ওই ছাত্রী বিকেল সাড়ে চারটার দিকে বখাটে যুবকদের লাঞ্ছনার শিকার হয়। মাতৈন গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাসান সর্দার ও তার সহযোগীরা ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করে। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে মাতৈন গ্রামের ঈদগাঁ মাঠে সালিস বৈঠক বসে। এতে হাসান তার অপরাধ শিকার করলে তাকে জুতাপেটা করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ গ্রামের লোকজন জানান, মঙ্গলবার উপজেলার ধুবিল মেহমানশাহী উচ্চবিদ্যালয় ছুটির পর চারজন ছাত্রী বাড়ি ফেরার পথে বখাটে যুবক ছুরমান আলী (১৮) তাঁদের পথরোধ করে উত্ত্যক্ত করেন। পরের দিন ছাত্রীরা স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে জানান। প্রধান শিক্ষক তাত্ক্ষণিকভাবে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উত্ত্যক্ত করার ঘটনা প্রমাণিত হওয়ায় পর ওই যুবককে ধরে এনে মাথা মুড়িয়ে দেওয়া হয় এবং জুতাপেটা করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।