চাঁদপুর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ ও সিরাজগঞ্জের সলঙ্গায় আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, হাজীগঞ্জের স্কুলছাত্রী রিয়া মনি (১৩) এবং সিরাজগঞ্জের বাসিন্দা রফিক উদ্দিন (৪৫)। 

রিয়া মনি হাজীগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। আজ পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল সে। পথে বেলা একটার দিকে হাজীগঞ্জের রামগঞ্জ সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, অটোরিকশার ধাক্কায় রিয়া নিহত হয়েছে। অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাচিলা এলাকায় আজ সকাল নয়টার দিকে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালক রফিক মারা যান। আহত হন বাসের চালকসহ পাঁচজন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত চালক রফিকের গ্রামের বাড়ি ভোলায় বলে জানা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।