চাঁদপুর-চট্টগ্রাম দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত
ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এ পথের সব ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
চাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মারুফ হোসেন জানান, বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জোন থেকে মঙ্গলবার পাঠানো এক বার্তায় চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঈদের আগে ১ থেকে ৬ আগস্ট পর্যন্ত ট্রেন দুটি চলাচল করবে। ঈদের আগে ঈদ স্পেশাল-১ ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর থেকে বিকেল চারটায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টায়।
ঈদ স্পেশাল-২ ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল পাঁচটায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। পরে সেটি চাঁদপুর থেকে রাত তিনটায় ছেড়ে সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে।
ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদ স্পেশাল-১ ট্রেনটি চট্টগ্রাম থেকে বেলা দেড়টায় ছেড়ে সন্ধ্যা সাতটায় চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর থেকে রাত তিনটায় ছেড়ে সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে পাঁচটায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ট্রেনটি সকাল ছয়টায় চাঁদপুর থেকে ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
আন্তনগর মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে ভোর পাঁচটায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল পাঁচটায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সাগরিকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সাড়ে সাতটায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে। বেলা দুইটা ২৫ মিনিটে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।