চাঁদপুর-চট্টগ্রাম পথে ঈদে চলবে চারটি বিশেষ ট্রেন
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর পথে চারটি বিশেষ ট্রেন চলাচল করবে। আগামী শুক্রবার থেকে ট্রেন চারটি চলাচল শুরু করবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ স্পেশাল-১, ২, ৩ ও ৪ নামের ট্রেনগুলো ওই পথে চলাচল করবে। ঈদ স্পেশাল-১ শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে বিকেল ৫টা ৫ মিনিটে চাঁদপুর স্টেশনে পৌঁছাবে। এটি ঈদ স্পেশাল-২ নামে শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টায় চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে শনিবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে।
ঈদ স্পেশাল-৩ ট্রেনটি শুক্রবার চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ৫ মিনিটে চাঁদপুর স্টেশনে পৌঁছাবে। এটি ঈদ স্পেশাল-৪ নামে পরদিন ভোর ৬টায় চাঁদপুর থেকে ছেড়ে দুপুর ১২টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে।
চাঁদপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদ স্পেশাল-১ ও ২ ঈদের দিন বিরতি দিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে পরের সাত দিন এবং ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেনটি দুই দিন বিরতি দিয়ে টানা সাত দিন এই পথে চলাচল করবে। ট্রেনগুলো ফেনী, নাঙ্গলকোট, লাকসাম, চিতোষী, শাহরাস্তি, মেহের, উয়ারুক, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড ও শাহ্তলী স্টেশনে যাত্রাবিরতি করবে।
চাঁদপুরের রেলওয়ে স্টেশনমাস্টার মো. হোসেন মজুমদার বলেন, দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রীর সুবিধার্থে এসব স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার জন্য আনসার ও রেলওয়ে পুলিশ মোতায়েন থাকবে।