চাঁদপুর জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সভাপতি করা হয়েছে চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ ভূইয়াকে। আবু নঈম পাটওয়ারী দুলাল পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংসদ এ বি তাজুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম, সাংসদ সুজিত রায় নন্দী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আপনাদের এখানে অনেক নেতা রয়েছেন। যে নেতাদের দক্ষতা রয়েছে তাঁদের সম্পর্কে জননেত্রী শেখ হাসিনা অবগত রয়েছেন। তিনি আমাকে এ দুটো নাম দিয়েছেন ঘোষণা করার জন্য।’
সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনার চেষ্টা অব্যাহত রয়েছে। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আর এ জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সম্মেলন শুরুর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলীয় কর্মীরা সম্মেলন স্থলে আসার পথে অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সম্মেলন শেষে চাঁদপুর স্টেডিয়ামে চেয়ার ভাঙচুর করা হয় ও ককটেল ফাটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় শহরের ষোলঘর এলাকায় সভাপতি প্রার্থী জে আর ওয়াদুদ টিপুর সমর্থকেরা শামছুল হক ভূঁইয়ার লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বেলা একটায় স্টেডিয়ামে সম্মেলন প্যান্ডেলের ভেতরে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সম্মেলন শেষে প্যান্ডেলের ভেতর দলের কয়েকজন কর্মী চেয়ার ভাঙচুর করে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটান।