চাঁদপুর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন আবু ওসমান চৌধুরী
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।এ সময় আবু ওসমান বলেন, আমি এ দেশ স্বাধীন করতে যেভাবে সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলাম, এই জেলার উন্নয়নে পরিষদের সব সৈনিককে নিয়ে সেভাবে সাধ্যমতো কাজ করব।’এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সওদাগর মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. হাফিজ খান, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী, জেলা বিএমএর সভাপতি হারুন অর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুনিরা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।