চাঁদপুর থেকে দেশের সব সড়কপথে বাস চলাচল ২৯ অক্টোবর শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দেওয়া হয়েছে। ঢাকা-চাঁদপুর ও ফরিদগঞ্জ-সিলেট পথে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস চলাচল বন্ধের দাবিতে চাঁদপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়।গতকাল সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-সিলেট ও ফরিদগঞ্জ-সিলেট পথে বিআরটিসির বাস চলাচল শুরু হয়েছে। এতে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান, পদ্মা এক্সপ্রেস পরিবহনের চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান প্রমুখ।গত বুধবার চাঁদপুর শহরের ইলিশ চত্বর থেকে চাঁদপুর-ঢাকা পথে প্রথমবারের মতো ১৫টি বিআরটিসির বাস চলাচল শুরু হয়েছে।