চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিতের আদেশ বহাল
চাঁদপুর সদর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ বহাল রয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একই সঙ্গে ৩১ জানুয়ারির মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার মঞ্জুর ইসলাম গত বছর হাইকোর্টে একটি রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন স্থগিত করে রুল জারি করেন। এরপর রুলের স্থগিতাদেশ চেয়ে ওই এলাকার বাসিন্দা শফিকুর রহমান ভূঁইয়া আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। চেম্বার বিচারপতির এ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মঞ্জুর ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আগামী ২৭ জানুয়ারি এ পৌরসভায় ভোট গ্রহণের দিন ধার্য ছিল। আদালতে মঞ্জুর ইসলামের পক্ষে এম আমীর-উল ইসলাম ও আবদুল মতিন খসরু এবং শফিকুর রহমান ভূঁইয়ার পক্ষে ফিদা এম কামাল মামলা পরিচালনা করেন।