চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল ফের শুরু
প্রায় সাড়ে চার ঘণ্টা পর চাঁদপুর-লাকসাম রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় আজ শনিবার বিকেল চারটা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঈদ স্পেশাল-১ নামের যাত্রীবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুর আসার পথে এই দুর্ঘটনা ঘটে। বগি দুটি উদ্ধারের পর রাত সাড়ে আটটার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
চিতোষী রেল স্টেশন মাস্টার তপন কুমার মিত্র জানান, ঈদ স্পেশাল ট্রেন-১ ১০টি বগি নিয়ে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ছেড়ে আসে। লাকসাম ছেড়ে চিতোষীর কান্দিরপাড় পার হওয়ার সময় বগি দুটি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে ঈদ স্পেশাল ট্রেন-১ ছাড়াও চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস চিতোষীতে এবং চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি ডেমু ট্রেন হাজিগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ধরে আটকে থাকায় হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।