চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি-সংকট, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি-সংকট থাকায় চাঁদপুরের হরিনা ও শরীয়তপুরের আলুর বাজার ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঈদে ঘরমুখী মানুষ ও পণ্যবাহী গাড়ি নিয়ে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।
গত শনিবার বিকেল ও গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, আলুর বাজার ঘাটে দীর্ঘ যানজট। এর মধ্যে কোরবানির পশুবোঝাই গাড়ি ও বেনাপোল স্থলবন্দর থেকে আসা চট্টগ্রামগামী পণ্যবোঝাই ট্রাকই বেশি। এ সময় ঘাটে গাড়ির প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সারি দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করতে চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্যবহার করে। এ নৌপথে একটি বড় ও দুটি ছোট ফেরি চলাচল করে। এ তিনটি ফেরি দিয়ে প্রতিদিন ১৫০ থেকে ১৭০টি গাড়ি পার হয়।
এ নৌপথের একটি ছোট ফেরি গত শুক্রবার বিকল হয়ে যায়। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা গত শনিবার সেটি মেরামতের জন্য নারায়ণগঞ্জ পাঠায়। বর্তমানে নৌপথটিতে দুটি ফেরি দিয়ে যানবাহন পার হচ্ছে। এ কারণে শনিবার থেকে চাঁদপুরের হরিনা ও শরীয়তপুরের আলুর বাজার ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুই ঘাটে এক হাজারেরও বেশি গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।
কোরবানির পশুবোঝাই ট্রাকের চালক দিলদার হোসেন বলেন, ‘যশোর থেকে চট্টগ্রাম যাচ্ছি। দুই দিন ধরে ঘাটে আটকে আছি।’
বরগুনা থেকে চট্টগ্রামগামী বাসের যাত্রী মিলন মজুমদার বলেন, শুক্রবার রাতে তিনি ঘাটে এসেছেন। তারপর থেকে আটকে আছেন।
সাতক্ষীরার গরু ব্যবসায়ী জাফর সরদারসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী বলেন, দুই দিন ধরে ঘাটে আটকে থাকায় অনেকের গরু অসুস্থ হয়ে পড়ছে। গত শনিবার তাঁর (জাফর) একটি গরু মারাও গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিসি চাঁদপুর-শরীয়তপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক ইমরান খান প্রথম আলোকে বলেন, গাড়ি পারাপার স্বাভাবিক রাখতে মাওয়া ঘাট থেকে একটি ফেরি আনা হচ্ছে। বিকল ফেরিটি মেরামত করতে চার-পাঁচ দিন সময় লাগবে।