চাঁদপুর-শরীয়তপুরে শান্তি বজায়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও শরীয়তপুরের সীমানা বিরোধ নিয়ে গতকাল বুধবার দুপুরে হাইমচরের মেঘনার দুর্গম অঞ্চল বাহেরচরে আন্তজেলা সভা হয়।
এতে শরীয়তপুরের গোসাইরহাট ও চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনার পশ্চিমাঞ্চলের কয়েকটি চরের সীমানা বিরোধের বিষয়ে আলোচনা হয়। সভায় সীমানা নিয়ে বিরোধ রয়েছে, এমন চরগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জালাল চোকদার, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন, আলালপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী, কচুয়াইপট্টি ইউপি চেয়ারম্যান আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, কোনো প্রভাবশালী যেন ভূমিহীনদের ওপর চাঁদাবাজি ও জমি জবরদখল করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি ভূমি নিয়ে চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে তাঁকে পুলিশে সোপর্দ করতে হবে। আগামী জানুয়ারি মাসের মধ্যে দুই বিভাগীয় কমিশনার ও স্থানীয় সাংসদের সহযোগিতায় দুই জেলার সীমানা বিরোধ নিষ্পত্তি করা হবে।