চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ২৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেরি
চাঁদপুর-শরীয়তপুর নৌ চ্যানেল ড্রেজিংয়ের সুবিধার্থে আজ রোববার বিকেল চারটা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
জানা যায়, চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর নৌ রুটের শরীয়তপুর এলাকায় ডুবোচরের কারণে নদীর নাব্যতা কমে গেছে। তাই জোয়ার ভাটার ওপর নির্ভর করে ফেরি চলাচল করতে হয়। বিশেষ করে ভাটার সময় ঠিকভাবে ফেরি চলাচল করতে পারে না। এ জন্য বিআইডব্লিউটিএ জরুরি ভিত্তিতে ড্রেজিং করার উদ্যোগ নেয়। এ জন্য নৌ রুটের চ্যানেলে ড্রেজিং কাজের সুবিধার্থে আগামী ২৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক পারভেজ খান জানান, রোববার বিকেল চারটার আগেই কাঁচামাল ও যাত্রী পরিবহনগুলো পার করে দেওয়া হয়েছে। রাতে যেসব গাড়ি এসে থাকবে, সেগুলো সোমবার সন্ধ্যার পরে ফেরিতে করে পারাপার করা হবে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চাঁদপুরের মেঘনা নদীর লক্ষ্মীরচরের বেরা চাক্কি ও শরীয়তপুর ফেরিঘাট এলাকায় প্রায় ৩০০ মিটার নদী খনন করা হবে। এসব চ্যানেলে ফেরি চলাচলের উপযোগী করতে বিকেল চারটা থেকে ড্রেজিং শুরু হয়েছে। আশা করি, সোমবার সন্ধ্যার পর থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।